চট্টগ্রামে এলপিজি সিলিন্ডার পরীক্ষা শুরু
সরকারি পাঁচ লাখ এলপিজি সিলিন্ডারের মধ্যে কতগুলো ঝুঁকিপূর্ণ সেটি পরীক্ষার কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ মঙ্গলবার বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেডের পতেঙ্গা কার্যালয়ে গ্যাস সিলিন্ডার পরীক্ষা শুরু হয়। আগামী রোববার থেকে বিস্ফোরক অধিদপ্তর এই কাজে বিপিসিকে সহায়তা করবে।
সরকারিভাবে সিলেটের কৈলাশটিলায় ও চট্টগ্রামে এল পি গ্যাস প্ল্যান্টে সিলিন্ডারে গ্যাস ভরা হয়। তিন বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার মাধ্যমে এসব গ্যাস সারা দেশে সরবরাহ করা হয়। গত শনিবার বগুড়ার উত্তরাঞ্চলীয় ডিপোতে সিলিন্ডার আনার পর সেখানে বিস্ফোরণ ঘটে। পরদিন বিস্ফোরক অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিদর্শক বিপিসির অনেকগুলো সিলিন্ডার পরীক্ষার পর সেগুলোর ৭৫ থেকে ৮০ শতাংশ ঝুঁকিপূর্ণ বলে মত দেন। এরপর গত সোমবার মন্ত্রণালয়ে এক বৈঠকে বিপিসির সিলিন্ডারগুলো পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিপিসির পরিচালক (বিপণন) মীর আলী রেজা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে এল পি গ্যাস লিমিটেডে নিয়মিতই সীমিত আকারে সিলিন্ডার পরীক্ষা হতো। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এখন থেকে ব্যাপক হারে এই পরীক্ষা হবে। পাঁচ লাখ সিলিন্ডারের মধ্যে কতগুলো ঝুঁকিপূর্ণ বা ব্যবহারের অযোগ্য সেটি পরীক্ষা শেষ হলে বোঝা যাবে। প্রথমে ঝুঁকিপূর্ণ চিহ্নিত হওয়া সিলিন্ডারগুলোর মধ্যে মেরামতযোগ্য ৫০ হাজার সিলিন্ডার মেরামত করা হবে। আর যেগুলো ব্যবহারের অযোগ্য সেগুলো বাতিল করে দেওয়া হবে। এ ছাড়া আমদানি করা নতুন ২০ হাজার সিলিন্ডারও সরবরাহ শুরু হয়েছে।’
দেশে যেসব এলাকায় গ্যাস নেই, সেখানে রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করা হয়। দেশে এলপি গ্যাসের বেশির ভাগ জোগান আসে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে। বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারের মান প্রসঙ্গে বিস্ফোরক অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মান নিয়ন্ত্রণের পরীক্ষাগার আছে। তারা অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই বাজারজাত করে। এ ছাড়া এসব প্রতিষ্ঠানের বয়সও খুব বেশি হয়নি। কিন্তু বিপিসির সিলিন্ডারের মধ্যে অনেকগুলো বেশ পুরোনো। সে জন্য এগুলো পরীক্ষা দরকার। রোববার থেকে আমরাও সিলিন্ডার পরীক্ষার কাজে বিপিসিকে সহায়তা করব।
কত দিনের মধ্যে সিলিন্ডারগুলো পরীক্ষা শেষ হবে সে সম্পর্কে এখনো নিশ্চিত নন কর্মকর্তারা। এলপি গ্যাস লিমিটেডের মহাব্যবস্থাপক ফজলুর রহমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, প্রতি বছর আমরা ৮ থেকে ১০ হাজার সিলিন্ডার নিয়মিত পরীক্ষা করি। তবে এটি এখন বেশি পরিমাণে করা হবে। যেসব সিলিন্ডারের মেয়াদ আছে সেগুলো বাদে বাকিগুলোর পরীক্ষা শুরু হয়েছে। খুব শিগগিরই মেরামতও শুরু হবে।