চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ইয়াবা বড়ি দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে। তাঁরা হলেন এসআই মো. আলমগীর হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হারুন অর রশিদ, কনস্টেবল ছালেহ উদ্দিন ও সুজিত দে।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডলের আদেশে চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি স্বীকার করে নগর পুলিশের উপকমিশনার (ডিসি) সঞ্জয় কুমার কুণ্ড গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ইয়াবা দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগে ডবলমুরিং থানার এক এসআইসহ চার পুলিশ সদস্যকে নগর পুলিশ কমিশনারের নির্দেশে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত ৭ অক্টোবর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার বাসিন্দা ব্যবসায়ী নুরুল আলম চৌধুরীকে ৫০টি ইয়াবা বড়ি রাখার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিন্তু নুরুল আলম চৌধুরীর পরিবার ও এলাকাবাসী তাঁকে নির্দোষ দাবি করে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ করে ওই চার পুলিশ সদস্যের বিরুদ্ধে নগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। প্রাথমিক তদন্ত শেষে ওই চার পুলিশ সদস্যকে গতকাল দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে কারাগারে রয়েছেন নুরুল আলম চৌধুরী।