চট্টগ্রামে এসআইসহ দুই পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশি হেফাজতে রোকনুজ্জামান (৪০) নামে নারী নির্যাতন মামলার আসামি এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে নগরের পাঁচলাইশ থানার এসআই আমির হোসেন ও শাহ আলম নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গতকাল সোমবার রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল পাঁচলাইশ থানা থেকে তাঁদের গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে পুলিশি হেফাজতে থাকা রোকনুজ্জামান নামের এক আসামির মৃত্যুর ঘটনায় এক এসআইসহ দুই পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৮ জুন রাতে গ্রেপ্তারের পর পাঁচলাইশ থানার পুলিশের হেফাজত থেকে হাসপাতালে নেওয়ার পথে নারী নির্যাতন মামলার আসামি রোকনুজ্জামানের মৃত্যু হয়।
২৫ জুন রোকনুজ্জামানের স্ত্রী শিমু আক্তার বাদী হয়ে গ্রেপ্তারকারী কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই আমির হোসেন, বাকলিয়া থানার এএসআই মোহাম্মদ এনায়েত হোসেনসহ পুলিশের সাতজন সদস্যসহ ১০ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন।