চট্টগ্রামে ওষুধ কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা

যথাযথ মান বজায় না রেখে ওষুধ উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে চট্টগ্রামের একটি ওষুধ কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের খুলশী এলাকার মেসার্স ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেড নামের ওষুধ কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর ফার্মিক ল্যাবরেটরিজকে ১০ লাখ টাকা জরিমানা করেছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গতকালের অভিযানে অংশ নেওয়া ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসিনিন মাহবুব প্রথম আলোকে বলেন, ফার্মিক ল্যাবরেটরিজে ওষুধ তৈরির জন্য মান নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত কেমিক্যাল রি-এজেন্টগুলোর (শনাক্তকরণ রাসায়নিক পদার্থ) মেয়াদ ছিল না। কারখানায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ অনেক ওষুধ তৈরি করা ওষুধের সঙ্গে সংরক্ষণকক্ষে পাওয়া গেছে। এ বিষয়ে তাঁরা ভ্রাম্যমাণ আদালতকে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আবার একই ব্যাচ নম্বরের ওষুধের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের ভিন্ন ভিন্ন তারিখ লেখা রয়েছে।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, ওষুধ কারখানাটিতে মেয়াদোত্তীর্ণ প্রচুর ওষুধ পাওয়া গেছে। ওষুধ উৎপাদনে ব্যবহৃত কেমিক্যালও ছিল মেয়াদোত্তীর্ণ। এসব কারণে মেসার্স ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট উদাহরণ দিয়ে বলেন, একই সময়ে উৎপাদিত একই ধরনের ওষুধের মধ্যে কোনোটির প্যাকেটে উৎপাদনের তারিখ লেখা রয়েছে ২০১৪ সালের ফেব্রুয়ারি। আবার কোনো প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ উল্লেখ করা হয়েছে ২০১২ সালের জুনে। আসলে এসব ওষুধ কখন তৈরি করা হয়েছে তা প্রশ্নসাপেক্ষ।