চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটে গতকাল মঙ্গলবার দুপুরে সিকদার মেডিকো নামে একটি ওষুধের দোকানে ভাঙচুর চালিয়ে দুটি মুঠোফোন ও ২৬ হাজার টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। দাবি করা চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা দোকানে লুটপাট চালায় বলে দোকানের মালিক অভিযোগ করেন। তবে ওষুধের দাম বেশি রাখার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে বলে আরেকটি সূত্র দাবি করেছে।এর আগে হাসপাতালের ভেতর থেকে ওষুধের দোকানের তিন কর্মচারীকে আটক করে পুলিশে দেওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন রাঙ্গুনিয়া ফার্মেসির কর্মচারী প্রদীপ, লাজ ফার্মেসির বাহার ও সেন্ট্রাল ফার্মেসির কাঞ্চন।অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে গেটের ওষুধের দোকানের লোকজন হাসপাতালের ভেতর থেকে রোগীর অভিভাবকদের ফুঁসলিয়ে নিজ নিজ দোকানে আনে। এরপর বেশি দামে ওষুধ বিক্রি করা হয়।অভিযোগ পাওয়া গেছে, গতকাল সকালে কয়েকজন যুবক হাসপাতালের ভেতর থেকে তিন কর্মচারীকে ওষুধের দালালি করার অভিযোগে আটক করে পূর্ব গেটে নিয়ে আসেন। সেখানে তাঁদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে পুলিশের সামনেই সিকদার মেডিকোতে ঢুকে ওই যুবকেরা দোকানের মালিক মো. তারেককে মারধর শুরু করেন। তাঁদের অভিযোগ, মালিক ওষুধের দাম বেশি রেখেছেন। একপর্যায়ে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। পরে যুবকেরা দোকান থেকে দুটি মুঠোফোন ও ২৬ হাজার টাকা নিয়ে যান।পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মাবুদ বলেন, কিছু যুবক ওষুধের তিন দালালকে আটক করে পুলিশে দেন। পরে তাঁরা গিয়ে আবার সিকদার মেডিকোতে ভাঙচুর চালান। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে সিকদারের মালিক একটি অভিযোগ দিয়েছেন বলে এসআই জানান।পাঁচলাইশ ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নূরে আলম বলেন, ওষুধের দাম বেশি রাখার অভিযোগে দোকানে তো লুটপাট করা যায় না। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে।