চট্টগ্রামে ওষুধের দোকানে ৮ ঘণ্টার ধর্মঘট পালিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার চট্টগ্রামে ওষুধ বিক্রেতারা আট ঘণ্টার ধর্মঘট পালন করেছেন। ধর্মঘটের কারণে গতকাল ভোর ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ওষুধের দোকানগুলো বন্ধ ছিল। এ সময় জরুরি ওষুধের জন্যও দুর্ভোগে পড়েন রোগীর স্বজনেরা। চার দফা দাবিতে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি এই ধর্মঘট আহ্বান করে। গতকাল ধর্মঘট চলাকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনের দোকানগুলো বন্ধ ছিল। এতে জরুরি ওষুধের জন্য হাসপাতালের রোগীদের দুর্ভোগে পড়তে হয়। তবে হাসপাতালের সামনে জরুরি সেবা প্রদানের জন্য তিনটি দোকান খোলা ছিল। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ওমর ইবনে আলী প্রথম আলোকে বলেন, ‘রোগীদের যাতে দুর্ভোগে পড়তে না হয়, সে জন্য জরুরি তিনটি দোকান খোলা রেখেছি। তবে অন্য সব দোকান বন্ধ ছিল।’ এ ছাড়া নগরের প্রধান ওষুধ মার্কেট হাজারি গলিতেও তিনটি দোকান খোলা ছিল। সরেজমিনে দেখা যায়, নগরের ইপিজেড, দুই নম্বর গেট, বহদ্দারহাট, জিইসি মোড়সহ সব হাসপাতালের সামনের দোকানগুলো বন্ধ ছিল। ধর্মঘট চলাকালে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রাম শাখা হাজারি গলিতে এক সমাবেশ করে। সমাবেশে সমিতির নেতারা অবিলম্বে চার দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান। দাবিগুলো হলো: বর্ধিত ড্রাগ লাইসেন্স ফি, নবায়ন ফি ও বিলম্ব ফি প্রত্যাহার এবং ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন পরীক্ষার তারিখ ঘোষণা।