চট্টগ্রামে ওসিসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীর স্ত্রীকে মারধর, হত্যার হুমকি ও ঘরে অনধিকার প্রবেশের অভিযোগে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়াসহ তিনজনের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে। মামলার বাকি দুই আসামি হলেন দক্ষিণ কাট্টলীর বাসিন্দা সুলতান আহমেদ ও তাঁর ছেলে ইমতিয়াজ আহমেদ।

আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলীর আদালতে মামলা করেন ওই প্রবাসীর স্ত্রী নূর জাহান আক্তার। তিনি নগরের দক্ষিণ কাট্টলী এলাকায় বাবার বাড়িতে থাকেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নিচে নয়, এমন কর্মকর্তাকে দিয়ে তদন্তের জন্য নগর পুলিশ কমিশনারকে আদেশ দেন।

বাদীর নূর জাহানের আইনজীবী এ বি এম মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী জানান, বাদীর ভাই সজীবুল ইসলামের হাত কেটে দেওয়ার ঘটনায় প্রতিবেশী সুলতান আহমেদ ও তাঁর ছেলে ইমতিয়াজ আহমেদের নামে আদালতে মামলা করা হয়। ১১ জানুয়ারি নূর জাহানের বাবা বাবুল মেম্বারকে থানায় ডেকে পাঠান পাহাড়তলী থানার ওসি। এরপর মামলাটি প্রত্যাহারের জন্য হুমকি দেন, অন্যথায় মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হবে বলে জানান। তিন দিন পর ১৪ জানুয়ারি ওসি রনজিত বড়ুয়া পাঁচজন পুলিশ নিয়ে বাদীর বাবার বাড়িতে ঢুকে মামলা তুলে নিতে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে বাদীকে মারধর ও লাথি দেন। ঘরের জিনিসপত্রও ভাঙচুর করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। আশপাশের লোকজন জড়ো হলে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে।

জানতে চাইলে পাহাড়তলী থানার ওসি রনজিত বড়ুয়া আজ সন্ধ্যায় এসব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-পাল্টা মামলা চলছে। ১৪ জানুয়ারি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়কে শান্ত করা হয়। কাউকে মামলা তুলে নিতে কিংবা হত্যার হুমকি দেওয়া হয়নি।