চট্টগ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার রোডমার্চ কর্মসূচি সফল করতে চট্টগ্রামের ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপি পথসভা করছে। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করতে নগর বিএনপি এই উদ্যোগ নেয়। নগরের ৩৯ নম্বর ওয়ার্ডে গতকাল শনিবার পথসভা অনুষ্ঠিত হয়। এতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। নগরের সিমেন্ট ক্রসিংয়ে আয়োজিত পথসভায় আমীর খসরু বলেন, আওয়ামী লীগের দুঃশাসন, সন্ত্রাস আর নৈরাজ্যের বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। সরকারের একটার পর একটা উইকেট পড়ে যাচ্ছে। জনগণ এই সরকারকে আর দেখতে চায় না। গতকাল ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউদ্দিনের সভাপতিত্বে বিএনপির নেতা আবু সুফিয়ান, মোহাম্মদ মিয়া, এম এ আজিজ, মো. নুরুজ্জামান, মাহবুব এলাহী, বাবুল হক প্রমুখ বক্তব্য দেন। বিএনপির সূত্র জানায়, ঈদুল আজহার পর খালেদা জিয়ার চট্টগ্রামমুখী রোডমার্চ হবে। এ উপলক্ষে নগরের প্রতিটি ওয়ার্ডে পথনাট্য ও গণসংগীত পরিবেশন ছাড়াও পথসভা হবে বলে জানা গেছে।