চট্টগ্রামে ককটেলে আহত শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে গিয়ে পরীক্ষা হবে না জানতে পেরে বাসায় ফিরে আসে সাত বছরের শিশু মিনহাজ হোসেন। মা তখন কাজে গেছে। বাসায় আছে শুধু বাবা। বাবার চোখ ফাঁকি দিয়ে খেলতে বের হওয়াটাই যেন কাল হয় ওর। অবরোধকারীদের ছোড়া ককটেলে আহত হয়ে এখন হাসপাতালের বিছানায় ছটফট করছে মিনহাজ।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী সরাইপাড়ায় ককটেল বিস্ফোরণে আহত হয় মিনহাজ হোসেন নামের এক শিশু। তাঁর বাঁ চোখের ওপর অংশ ও কপাল ঝলসে গেছে। আহত শিশুটি সরাইপাড়া হাজি আবদুল আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
শিশুটির বাবা মমতাজ মিয়া জানান, স্কুল থেকে বাসায় ফিরে ব্যাগ রেখেই তাঁর ছেলে বাইরে খেলতে চলে যায়। এর একটু পরেই তিনি ছয়-সাতটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর প্রতিবেশীদের কাছে জানতে পারেন ককটেলে আহত হয়েছে মিনহাজ। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু ওয়ার্ডে ভর্তি আছে। চক্ষু বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদুল হক মেজবাহ বলেছেন, সৌভাগ্যবশত শিশুর চোখটি বেঁচে গেছে। তবে চোখের ওপরের অংশের আঘাত গুরুতর।