চট্টগ্রামে কচ্ছপের চার হাজার কেজি খোলস ধ্বংস

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কচ্ছপের চার হাজার কেজি খোলস ধ্বংস করেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ের সামনে বুলডোজার দিয়ে এসব খোলস ধ্বংস করা হয়। প্রায় আট মাস আগে চার হাজার কেজি খোলস জব্দ করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
খোলস ধ্বংস করার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেন এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম গোলাম মওলা উপস্থিত ছিলেন।
বন বিভাগ সূত্র জানায়, গত বছরের ৪ সেপ্টেম্বর নগরের দক্ষিণ খুলশীর ১ নম্বর সড়কের একটি বাড়ি থেকে চার হাজার কেজি ওজনের ১৪২ বস্তা কচ্ছপের খোলস জব্দ করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। জব্দ করার সময় সিটি করপোরেশনের দুটি ট্রেড লাইসেন্স ও বিভিন্ন সময়ে আমদানি এবং রপ্তানিসংশ্লিষ্ট কাগজপত্র পাওয়া যায়। পরে আদালতে এ ঘটনায় মামলা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মামলা কিছুদিন চলার পর কচ্ছপের চার হাজার কেজি খোলস ধ্বংস করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করে বন বিভাগ। গত ১৩ এপ্রিল আদালত এই চার হাজার কেজি খোলস ৩ মের মধ্যে ধ্বংস করার আদেশ দেন। ওই আদেশ অনুযায়ী গতকাল কচ্ছপের খোলসগুলো ধ্বংস করা হয়। প্রথমে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের ডিএফও এস এম গোলাম মওলা বলেন, খোলস পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি চলমান রয়েছে। আদালতের অনুমতি নিয়ে এই খোলসগুলো ধ্বংস করা হয়েছে।
ওই মামলায় চট্টগ্রাম নগরের চকবাজারের নাজমুল করিম চৌধুরীসহ দুজনকে আসামি করা হয়। অপরজন বিদেশি নাগরিক। তাঁরা দুজন ফিশ মার্কেট এক্সপোর্ট নামে একটি কোম্পানির মাধ্যমে এই খোলসগুলো বিদেশে পাচার করতেন বলে জানান বন কর্মকর্তারা।