চট্টগ্রামে কঠোর নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে চট্টগ্রামে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ, র্যা ব ও বিজিবি।
সাকা চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান, সংসদীয় এলাকা রাঙ্গুনিয়াসহ নগরে বিজিবির টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তার জন্য চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। পুলিশ ও র্যা বের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাউজান, রাঙ্গুনিয়া ছাড়া অন্য উপজেলাগুলোতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।’
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, নিরাপত্তার জন্য রাউজানে দুই প্লাটুন এবং রাঙ্গুনিয়ায় দুই প্লাটুন বিজিবি রয়েছে। ছয় প্লাটুন বিজিবি নগরে টহল দিচ্ছে। এ ছাড়া আরও দুই প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করছে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধে সাকার মামলার সাক্ষীদের বাড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাউজানের কুণ্ডেশ্বরী, জগৎমল্লপাড়া, সুলতানপুর, ঊনসত্তরপাড়া, রাউজান সদর, গহিরায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া র্যা ব ও বিজিবির টহল রয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ বলেন, নিরাপত্তা আগের চেয়ে বাড়ানো হয়েছে। ২৫০ জন পুলিশ নিরাপত্তার কাজে রয়েছে। এ ছাড়া দুই প্লাটুন বিজিবি এবং র্যা ব নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে।
এদিকে নগরের নিরাপত্তার জন্য পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল। সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকরের আগে শেষমুহূর্তের নিরাপত্তার প্রস্তুতির অংশ হিসেবে গতকাল শনিবার জরুরি বৈঠক করেন তিনি। বৈঠকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরের ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন।