চট্টগ্রামে কথিত তিন সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলাল হোসেন নামের চট্টগ্রাম কারাগারের একজন রক্ষীকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন কথিত তিন সাংবাদিক। পুলিশ গত শুক্রবার রাতেই নগরের কোতোয়ালি থানাধীন দেব পাহাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া তিন কথিত সাংবাদিক হলেন কুতুব উদ্দিন (৩৫), ওয়াসিম (২৯) ও কফিল উদ্দিন (২৫)। তাঁদের কাছ থেকে আট বোতল ফেনসিডিল ও ২৩২টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় একটি এবং মাদক আইনে আরেকটি মামলা হয়েছে।

কোতেয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মোহনা-২৪ ডট কমের সাংবাদিকেরা কারারক্ষী বেলাল হোসেনকে দেব পাহাড়ের কার্যালয়ে আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দর-কষাকষি করে মুক্তিপণের অঙ্ক ২০ হাজার টাকায় নামিয়ে আনা হয়। ওই ২০ হাজার টাকা দেওয়ার সময় আমরা তিন ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করি।’

ওসি মহিউদ্দিন আরও বলেন, ‘মোহনা টোয়েন্টিফোর ডট কম’ নামে অনলাইনভিত্তিক কোনো সংবাদপত্র নেই। এই সংবাদপত্রের সাংবাদিক পরিচয়ে আসামিরা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগীর মিয়া প্রথম আলোকে বলেন, ‘বেলাল তাঁর এক আত্মীয়কে আনতে দেব পাহাড়ের দিকে যান। ওই সময় কথিত সাংবাদিকেরা তাঁকে আটকে রেখে মুক্তিপণ দাবি করেন। এর মধ্যে শুক্রবার রাত আটটায় কারাগারে বেলালের দায়িত্ব পালন শুরু হওয়ার মুহূর্তে তাঁকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বেলাল নিজেই তাঁর আরেক সহকর্মীর কাছে ফোন করে বিপদের কথা জানিয়ে টাকা নিয়ে যেতে বলেন। তখন বিষয়টি আমাদের নজরে আসে। এরপর আমরা পুলিশকে ঘটনাটি জানাই।’