চট্টগ্রামে কনটেইনারসহ ৪০ টন চাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কনটেইনারে তোলার সময় প্রায় ৪০ মেট্রিক টন চাল আটক করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে পাহাড়তলীর সাগরিকা রোডের ‘একোয়া ফুডস’ নামের একটি হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানার সামনে থেকে এ চাল আটক করা হয়। বিদেশে চাল রপ্তানি নিষিদ্ধ হওয়ায় গোপনে পাচারের জন্য এ চাল কনটেইনারে তোলা হচ্ছিল বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক এম এ আজিজ, কাভার্ড ভ্যানের দুই চালক এবং একজন সহকারীকে আটক করা হয়। জব্দ করা হয় দুটি কাভার্ড ভ্যান এবং ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনার। পুলিশ ধারণা করছে, হিমায়িত মেস্যর প্যাকেটের আড়ালে এ চাল যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছিল। তবে সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক আজিজ গতকাল শনিবার রাতে পাহাড়তলী থানায় প্রথম আলোকে বলেন, ‘চাল রপ্তানি নিষিদ্ধ হলেও প্রবাসীদের কথা বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমোদন নিয়ে চাল রপ্তানি হচ্ছে। এ চালানও যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য এ ধরনের অনুমোদন নেওয়া হবে বলে আমাকে রপ্তানিকারক জানিয়েছেন।’ আজিজ জানান, রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম ঢাকার মাসুম এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠানের মালিক মাসুম হোসেন। তবে আজিজ পুলিশকে মাসুমের যে মোবাইল ফোনের নম্বর দিয়েছেন, সেটি বন্ধ পাওয়া গেছে। চাল পরিবহনের সঙ্গে ঢাকার ১৫, বেইলি রোডের ‘ফারহান ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠানের চালান পাওয়া গেছে। এ চালানে দেওয়া টেলিফোন নম্বরে ফোন করলে জানানো হয়, এটি ফোন-ফ্যাক্সের দোকান। চালানে প্রতিষ্ঠানটির কারখানার ঠিকানা লেখা হয় আড়িয়াবো, নারায়ণগঞ্জ। কাভার্ড ভ্যানের চালক মো. ইউসুফ বলেন, এ চাল ঢাকার কাঁচপুর থেকে কাভার্ড ভ্যানে তোলা হয়।প্রায় ১১ হাজার প্যাকেটে আট পাউন্ড বা সাড়ে তিন কেজি করে চাল প্যাকেটজাত ছিল। চালের প্লাস্টিকের প্যাকেটের এক পাশে সুগন্ধি কালিজিরা চাল এবং এর নিচে ইংরেজিতে ‘অ্যারোমেটিক কালিজিরা রাইস’ লেখা আছে। অন্য পাশে ইংরেজিতে ‘স্পেশাল প্যাকেট ফর পুতুল ডিস্ট্রিবিউটরস ইনস’ লেখা আছে। কিন্তু এ বিপণনকারী প্রতিষ্ঠানের কোনো ঠিকানা দেওয়া হয়নি। চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, চাল আমদানিতে সরকার আরোপিত নিষিধাজ্ঞা গত ১ জানুয়ারি থেকে ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। সুতরাং আগামী জুন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো ধরনের চাল রপ্তানি করা যাবে না।জানা গেছে, নিষেধাজ্ঞার মধ্যেও গত ছয় মাসে নানা কায়দায় বিদেশে রপ্তানির সময় প্রায় ৪২ মেট্রিক টন চাল চট্টগ্রামে আটক করা হয়। এর মধ্যে গত ৩ জানুয়ারি ইকবাল এন্টারপ্রাইজ নামের একটি বেসরকারি অভ্যন্তরীণ পণ্যাগার (আইসিডি) থেকে ১৮ মেট্রিক টন, কেডিএস লজিস্টিক থেকে গত ৪ নভেম্বর সাত টন, কে এনটি লজিস্টিক ইয়ার্ড থেকে গত সেপ্টেম্বরে ১৭ টন চাল আটক করা হয়।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র নানা কলাকৌশল এবং জাল-জালিয়াতির মাধ্যমে চাল রপ্তানি করছে। এ চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সর্বশেষ চাল আটকের ঘটনায় পাহাড়তলী থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।