চট্টগ্রামে কনস্যুলেট অফিস চালু করবে স্পেন
চট্টগ্রামে স্পেনের কনস্যুলেট অফিস স্থাপনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এদুয়ার্দো দ্য লাইজিয়েসিয়া। গতকাল বুধবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে চেম্বার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। চেম্বারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্পেনের রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রামের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য শিগগিরই এ কনস্যুলেট অফিস স্থাপন করা হবে। মতবিনিময় সভায় স্পেন থেকে উন্নতমানের যন্ত্রপাতি আমদানি করে বাংলাদেশের সঙ্গে স্পেনের বাণিজ্য ঘাটতি কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম। এতে বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, মাহফুজুল হক শাহ প্রমুখ।