চট্টগ্রামে কম্পিউটার মেলা শুরু

চট্টগ্রামে গতকাল রোববার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম ২০১৬’ শীর্ষক কম্পিউটার মেলা ও প্রদর্শনী। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) চট্টগ্রাম শাখা নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ মেলার আয়োজন করে। সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে মেয়র বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যানজট এড়ানো সম্ভব। এ ছাড়া প্রযুক্তির মাধ্যমে এখন আমরা ঘরে বসেই ফলাফল পাই। তিনি বলেন, চট্টগ্রামকে স্মার্ট নগরে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ চলছে।
মেলায় ৮৯টি স্টল ও ৬টি প্যাভিলিয়ন রয়েছে। এতে এইচপি, ডেল, অ্যাসারসহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার, কম্পিউটার অ্যাকসেসোরিজ, নেটওয়ার্কিংসহ বিভিন্ন সামগ্রী স্থান পেয়েছে। মেলার প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিএস চট্টগ্রাম শাখার সভাপতি আলী আশফাক, মহাসচিব সুব্রত সরকার, স্মার্ট টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান মাজহারুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও কামরুল হাসান সিদ্দিকী বক্তব্য দেন।
মেলায় কম্পিউটার ভিলেজ নামে একটি প্রতিষ্ঠানটি চারটি স্টল রয়েছে। কম্পিউটার ভিলেজের স্বত্বাধিকারী মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, আমরা প্রায় প্রতিটি নামীদামি ব্র্যান্ডের কম্পিউটার ও ল্যাপটপ মেলায় এনেছি। প্রতিটি পণ্য কিনলে বিশেষ ছাড় এবং উপহারের ব্যবস্থা রয়েছে।
মেলায় মাইপজ নামে একটি সফটওয়্যার নিয়ে এসেছে প্যান্টাজেমস নামে একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রবীর বড়ুয়া বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে বিক্রয়, বিপণন এবং কেনাকাটাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে হিসাব রাখতে সুবিধা হবে।