চট্টগ্রামে কম্পিউটারে বানানো স্কুলছাত্রীর নগ্ন ছবি দিয়ে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একজন স্কুলছাত্রীর বাবাকে ফোন করে চাঁদা দাবির অভিযোগে র্যাব সদস্যরা গত মঙ্গলবার রাতে তিন যুবককে গ্রেপ্তার করেছেন। এই বখাটেরা স্থানীয় একটি স্টুডিও থেকে ওই ছাত্রীর ছবি সংগ্রহ করে কম্পিউটারে পরিবর্তন করে। পরে তারা একটি নগ্ন ছবির সঙ্গে তার মুখ জোড়া দিয়ে তা ছাত্রীটির বাবার কাছে পাঠিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ইতিমধ্যে তারা ৫০ হাজার টাকা আদায় করে নিয়েছে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া যুবকেরা হলো সজীব দাশ (১৭), জনি (১৭) ও সাজীব (২৩)। সাজীব মিউনিসিপ্যাল মার্কেটের একটি স্টুডিওতে কাজ করে। তাদের কাছ থেকে একটি মুঠোফোন, চাঁদাবাজির কিছু টাকা ও পর্নো ছবি জব্দ করেছে র্যাব। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।র্যাব সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া তিন যুবক চট্টগ্রামের একটি বিদ্যালয়ের এক ছাত্রীর ছবি সংগ্রহ করে কম্পিউটারের মাধ্যমে একটি নগ্ন ছবির মুখের জায়গায় ওই ছাত্রীর ছবির মুখের অংশ লাগিয়ে দেয়। এরপর ১৮ ফেব্রুয়ারি ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বখাটেরা।র্যাব-৭-এর উপ-অধিনায়ক মেজর আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘স্কুলছাত্রীর ওই কথিত নগ্ন ছবি পাঠিয়ে যুবকেরা ইতিমধ্যে তার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে। এরপর আরও চাঁদার জন্য তার বাবাকে চাপ দিচ্ছিল। না হলে তারা ওই ছবি ইন্টারনেটে ছেড়ে দেবে বলে হুমকি দিচ্ছিল। একপর্যায়ে ছাত্রীর বাবা আমাদের কাছে আসেন। পরে আমরা ফাঁদ পেতে তিনজনকে গ্রেপ্তার করি। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’