চট্টগ্রামে করাতকলের মালিকদের হরতাল ঘোষণার হুমকি
চট্টগ্রামের উত্তর জেলার করাতকলের মালিকেরা বিভিন্ন দাবি তুলে ধরে হরতাল ঘোষণার হুমকি দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উত্তর জেলা করাতকল মালিক সমিতির সদস্যরা এ হুমকি দেন। সমিতির দাবিগুলো হলো—করাতকল বিধিমালা সংশোধন করে ১০ কিলোমিটারের স্থলে তিন কিলোমিটার পর করাতকল স্থাপনের অনুমতি দেওয়া, ১৯৯৮ সালের নীতিমালা জারির আগে জেলা প্রশাসক কর্তৃক ইস্যু করা লাইসেন্স বহাল এবং কমপক্ষে তিন বছরের জন্য লাইসেন্স নবায়নের বিধান করাসহ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের হয়রানিমূলক নির্দেশনা বাতিল।বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুন বারী বলেন, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই, সীতাকুণ্ডসহ চট্টগ্রামের উত্তর জেলাগুলোতে ৪০০ করাতকল রয়েছে। বন বিভাগের জারি করা ৯৮-এর নীতিমালা অনুযায়ী, উপজেলাগুলোতে সরকারি বনাঞ্চল থেকে ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন করতে পারবে না। অথচ পৌরসভায় মিল স্থাপনের ক্ষেত্রে এ আইন কিছুটা শিথিলযোগ্য। কিন্তু কোনো কোনো উপজেলা কার্যালয় পৌরসভার মধ্যেই অবস্থিত হলেও উপজেলাগুলোর জন্য শিথিলযোগ্য নয়। তাই চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের কথা বিবেচনা করে করাতকলগুলোকে সহজ শর্তে লাইসেন্স প্রদান এবং নবায়নের ব্যবস্থা করা দরকার বলে তাঁরা জানান।সমিতির সভাপতি এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. নাজমুন বারী, সদস্য আহমেদুর রহমান, মোহাম্মদ হাসান, কবির আহমদ সওদাগর, মো. জসিম উদ্দিন, মো. সাইদুল হক প্রমুখ।