চট্টগ্রামে করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু।
প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনায় আরও এক চিকিৎসক মারা গেছেন। তাঁর নাম মো. মোস্তাফিজুর রহমান (৬৭)। আজ বুধবার দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের (সিএমসি ১৮) প্রাক্তন শিক্ষার্থী। মো. মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিভাগে চাকরি করেছেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে যান। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা শোক জানিয়েছে।

মোস্তাফিজের বন্ধু ও বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ জামিল চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁর হার্টে দুটি স্ট্যান লাগানো ছিল। এ ছাড়া ডায়াবেটিস ছিল। এর মধ্যে করোনায় আক্রান্ত হন তিনি। এরপর হাসপাতালে ভর্তি হন। সেখানে আজ দুপুর সাড়ে ১২টায় মৃত্যুবরণ করেন।

তিনি ১৯৮২ সাল থেকে টানা ৩৯ বৎসর সীতাকুণ্ড-মিরসরাই অঞ্চলে চিকিৎসাসেবা দিয়ে এসেছেন বলে জানান খুরশিদ জামিল চৌধুরী।

বিএমএ চট্টগ্রামের নির্বাহী সদস্য রিজওয়ান রেহান জানান, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৬ জন চিকিৎসক মারা গেছেন। এ ছাড়া হাজারখানেক চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এখনো অনেকে চিকিৎসাধীন বলে তিনি জানান।

এ নিয়ে সারা দেশে ১৫৮ চিকিৎসক করোনায় মারা গেলেন। এ ছাড়া তিনজন দন্তচিকিৎসকও মৃত্যুবরণ করেছেন।