চট্টগ্রামে কর্ণফুলী রক্ষায় মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার বর্জ্য পরিশোধন প্ল্যান্ট না থাকায় নগরের ৫০ লাখ মানুষের প্রতিদিনকার পয়োবর্জ্য কর্ণফুলী নদীতে যাচ্ছে। অন্যান্য বর্জ্যের সঙ্গে পয়োবর্জ্য মিলে কর্ণফুলী নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বর্তমানে কর্ণফুলীকে ঘিরে ছয় হাজার কোটি টাকার দুটি পানি সরবরাহ প্রকল্পের কাজ করছে ওয়াসা। কিন্তু কর্ণফুলীর দূষণ রোধ করা না গেলে সেখান থেকে নিরাপদ পানি সরবরাহ দুরূহ হয়ে পড়বে।
গতকাল বৃহস্পতিবার ওয়াসা মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে কর্ণফুলী নদী রক্ষায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আলোচনায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম বলেন, ‘চট্টগ্রাম ওয়াসার “ওয়া” থাকলেও “সা” নেই। অর্থাৎ ওয়াটার বা পানি সরবরাহের দায়িত্ব ওয়াসা পালন করলেও স্যুয়ারেজ বা পয়োবর্জ্য পরিশোধনের জন্য কোনো ব্যবস্থা আজও ওয়াসা নেয়নি। নগরের মানুষের অপরিশোধিত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে কর্ণফুলী নদীতে।’
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, কর্ণফুলী নদী থেকে দৈনিক ২৮ কোটি লিটার পানি সরবরাহের জন্য দুটি প্রকল্পের কাজ করছে ওয়াসা। এর জন্য কর্ণফুলীকে নিরাপদ রাখতেই হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনজুরুল কিবরীয়া, মোশারফ হোসেন, দেবাশীষ পালিত প্রমুখ।