চট্টগ্রামে কর্ণফুলীতে ‘ক্যাপিটাল ড্রেজিং’ প্রকল্পের কাজ শুরু
চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে গতকাল মঙ্গলবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উদ্বোধন করেছেন। চুক্তি হওয়ার দুই মাস পর এ কাজের উদ্বোধন করা হলো।গত ২৮ এপ্রিল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রকল্পের নির্বাচিত ঠিকাদার মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশনের চুক্তি হয়। প্রতিষ্ঠানটি ২২৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে সর্বনিম্ন যোগ্য দরদাতা নির্বাচিত হয়। চুক্তি অনুযায়ী, কর্ণফুলী নদীর সদরঘাট থেকে উজানে ২ দশমিক ৬০ কিলোমিটার এলাকা থেকে ৩৫ লাখ ৪০ হাজার ঘনমিটার মাটি-বালু অপসারণ করতে হবে। এ ছাড়া দুই হাজার ৬১৫ মিটার দীর্ঘ ব্যাংক প্রোকেটশন কাজ এবং ৪০০ মিটার দীর্ঘ জেটি নির্মাণ করতে হবে।নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নূর-ই-আলম চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার জামালুদ্দিন সাবেহ, বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বলা হয়, এই প্রকল্প বাস্তবায়িত হলে সদরঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত বিপুল পরিমাণ ভূমি উদ্ধার হবে। এসব ভূমি এখন বিভিন্ন প্রভাবশালী মহল দখল করে রেখেছে। নদীর নাব্যতা পুনরুদ্ধার হলে লাইটার জাহাজ চলাচলের সুযোগ পাবে।এর আগে ১৯৮৮-৮৯ সালে বন্দরের আউটারবার এলাকায় সর্বশেষ ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প বাস্তবায়িত হয়। চায়না হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি ১৭ কোটি টাকা চুক্তিমূল্যে এই কাজ করে।