চট্টগ্রামে কর্ণফুলীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চাক্তাই খালের পাশে কর্ণফুলী নদীর তীর দখল করে গড়ে ওঠা সিটি করপোরেশনের অবৈধ দোকানপাট এবং ওয়াকফ এস্টেটের নামে রাতারাতি নির্মাণ শুরু করা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান চালায়।জানা গেছে, বন্দরের ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল ফারুকের নেতৃত্বে উচ্ছেদ চলাকালে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এ সময় বুলডোজার দিয়ে সিটি করপোরেশনের দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। দুই বছর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্ণফুলীর তীরে বন্দর কর্তৃপক্ষের জায়গার ওপর ইট-সিমেন্ট দিয়ে একতলা এই দোকানগুলো নির্মাণ করে।বন্দর সূত্রে জানা গেছে, ওই এলাকায় আজিজ উল্লাহ ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড ঝুলিয়ে রাতরাতি ‘নূর মসজিদ’ নামের একটি মসজিদের নির্মাণকাজ শুরু করে একটি চক্র। নদীর পাড়সংলগ্ন জায়গা দখলের জন্য এই পথ বেছে নেওয়া হয়।বন্দর ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন বলেন, ‘অবৈধভাবে দোকান ও মসজিদের নামে দখল করা বন্দরের জায়গা উদ্ধারের জন্য আমরা এই উচ্ছেদ চালিয়েছি। দুই ঘণ্টা ধরে উচ্ছেদ চলে।’জানা গেছে, যানজট এড়াতে প্রায় দুই বছর আগে ফিশারিঘাট থেকে চাক্তাই সেতু পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ করা হয়। কর্ণফুলীর তীর ঘেঁষে এই সড়ক করা হয়। এরপর সড়কের পাশে কর্ণফুলীর তীর ভরাট করে নির্মাণ করা হয় অবৈধ দোকান। সিটি করপোরেশনের এই উদ্যোগের প্রতিবাদে পরিবেশবাদী সংগঠনগুলো মানববন্ধন ও সমাবেশ করেছিল। পরে হাইকোর্ট এক রায়ে কর্ণফুলী দখল অবৈধ ঘোষণা করে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।