জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে বিটিসিএলের উচ্চমান সহকারী ও তাঁর স্ত্রীকে জেল-জরিমানা করেছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান। গতকাল রোববার আসামিদের অনুপস্থিতিতে আদালত তাঁদের দণ্ড দেন।
দণ্ডিত আসামির নাম মোহাম্মদ হোসেন ও তাঁর স্ত্রী শাহানা চৌধুরী। ২০০৩ সালের ১৯ এপ্রিল নগরের পাহাড়তলী এলাকায় তাঁদের প্রায় দুই কোটি টাকা দামের আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। ২০১০ সালের ৩০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
আদালত সূত্র জানায়, আদালত ২৭ (১) ধারায় মোহাম্মদ হোসেনকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড এবং ৫(২) ধারায় তিন বছর কারাদণ্ড দেন। একই আদেশে শাহানা চৌধুরীকে ২৭(১) ধারায় সাত বছর কারাদণ্ড এবং ২৬(২) ধারায় দুই বছর কারাদণ্ড দেন।
দুদকের কৌঁসুলি মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী হয়ে মোহাম্মদ হোসেন বিপুল অর্থবিত্তের মালিক হন। এ কারণে স্ত্রীসহ তাঁর বিরুদ্ধে দুদক মামলা করে। আদালত সাতজনের সাক্ষ্যের ভিত্তিতে মোহাম্মদ হোসেন দম্পত্তিকে দোষী সাব্যস্ত করে সাজা দেন। কিন্তু রায় ঘোষণার সময় তাঁরা পলাতক ছিলেন।