চট্টগ্রামে কলেজ ছাত্রকে কুপিয়েহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আলকরণ এলাকায় রিটু ঘোষ (২৪) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সোয়া ১১টার দিকে আলকরণ ৪ নম্বর গলির একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে।

রিটু ঘোষ চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আলকরণ এলাকায় সোনিয়া মেডিকেল হল নামে তাঁদের একটি ওষুধের দোকান রয়েছে। তিনি পড়ালেখার পাশাপাশি ওই দোকানে বসতেন। তাঁর বাবার নাম অধীর ঘোষ। বাড়ি চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ১১টার দিকে ওষুধের দোকানে তিন দুর্বৃত্ত এসে রিটুর সঙ্গে কথা বলে। একপর্যায়ে অপরিচিত ওই দুর্বৃত্তরা তাঁকে দোকানের বাইরে আসতে বললে রিটু বাইরে আসেন। তখন রিটুর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় বলে জানান তাঁর বড় ভাই সমীর ঘোষ। এরপর এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা চলে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় রিটুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সমীর ঘোষ অভিযোগ করেন, জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত এপ্রিল মাসে রিটু বাদী হয়ে থানায় একটি মামলাও করেন। ওই বিরোধও খুনের কারণ হতে পারে বলে তাঁরা মনে করছেন। এ ঘটনায় গতকাল রোববার মামলা হয়েছে।

নবগঠিত সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী বলেন, জায়গাজমি-সংক্রান্ত বিরোধসহ নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে।