চট্টগ্রামে কলেজছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের ছাত্র মাসুদ চৌধুরী হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম জাফর ইসলাম। গত শনিবার রাতে নগরের হালিশহরের জি-ব্লক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের এসআই আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, কলেজছাত্র মাসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জাফর ইসলাম। গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। রোববার (গতকাল) চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে জাফর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১২ সালের ৫ আগস্ট নগরের হালিশহর এলাকায় চট্টগ্রাম কলেজের স্নাতকের ছাত্র মাসুদ চৌধুরীকে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা নওয়াব আলী চৌধুরী হালিশহর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এজাহারভুক্ত আসামি জাফর ইসলামকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়। বাদী এ অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করলে গত বছরের নভেম্বর মাসে আদালত মামলাটি অধিকতর তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন।