চট্টগ্রামে কলোনিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন এ কে খান এলাকার একটি কলোনিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মো. রুবেল (২৫) নামের এক যুবক মারা গেছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আহমেদ নবী নামের একজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত জানান, আগুন নেভানোর পর ঘটনাস্থল থেকে রুবেলের লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর চারটা ৪০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে বেড়া-টিন দিয়ে তৈরি নয়টি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। এই ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সাত লাখ টাকার মতো হতে পারে।
আগুনে ঘর পুড়ে গেছে এমন একটি পরিবারের সদস্য নাজমা ইসলাম জানান, তাঁরা ঘুমিয়ে ছিলেন। কীভাবে এই আগুন লাগে, তাঁরা জানেন না। তবে বাড়ির মালিকের সঙ্গে পার্শ্ববর্তী একজনের বিরোধ ছিল। এ থেকে কিছু হতে পারে।
নিহত রুবেলের বোন আকলিমা বলেন, ‘আমরা সবাই ঘর থেকে বের হতে পারলেও ভাই বের হতে পারেনি। তাকে বের করার চেষ্টা করতে করতে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। এ জন্য ভাইকে আর বের করতে পারিনি।’
পুলিশ জানায়, এই কলোনির মালিক শামসুল আলম। তাঁর সঙ্গে পার্শ্ববর্তী আহমেদ নবীর বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, এই বিরোধ থেকে আগুন লাগানো হতে পারে। তাই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আহমেদ নবীকে আটক করা হয়েছে।