চট্টগ্রামে কলোনিতে পানির জন্য হাহাকার
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বাছা মিয়া রোডে বাংলাদেশ ব্যাংক কলোনি ও আশপাশের আবাসিক এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এক বছর ধরে ওয়াসার পানি সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের যেন শেষ নেই।খোঁজ নিয়ে জানা গেছে, বাছা মিয়া রোড এলাকার অন্তত দুই হাজার পরিবার গত মঙ্গলবার থেকে ওয়াসার পানি পাচ্ছে না। প্রতি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকে। রমজান মাস আসায় ভোগান্তি আরও বেড়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।বাংলাদেশ ব্যাংক কলোনির বাসিন্দা কে এম মোস্তাফিজুল কবির এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘টানা এক বছর আমরা পানির কষ্টে আছি। প্রতি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক ফোঁটা পানি সরবরাহ পাই না। শুক্রবার বিকেলে কিছুক্ষণ পানি সরবরাহ থাকে।’স্থানীয় বাসিন্দারা জানান, ওয়াসার পাইপলাইনের বাল্ব ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেন লাইনম্যানরা। এ কারণে পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। পানি সরবরাহে ব্যাঘাতের কথা স্বীকার করেছেন ওয়াসার চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ। তিনি বলেন, ‘পাইপলাইনের বাল্বে ত্রুটি আছে। এই ত্রুটি একবার সারিয়ে তোলা হলে সেটা আবার নষ্ট হয়ে যায়। আমি ঘটনাস্থলে লোক পাঠিয়ে দিচ্ছি, যাতে পানি সরবরাহ স্বাভাবিক হয়।’