চট্টগ্রামে কাঁচাবাজার স্থিতিশীল বেড়েছে তেল ও সাবানের দাম
চট্টগ্রামে কাঁচাবাজারে বাজারদর আগের সপ্তাহের তুলনায় স্থিতিশীল রয়েছে। তবে বেড়েছে ভোজ্যতেল এবং সাবানজাতীয় দ্রব্যের দাম। মাছের দাম বাড়তির দিকে থাকলেও সবজি ও মাংসের দাম আগের মতোই আছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, সয়াবিন তেল প্রতি লিটারে তিন টাকা বেড়ে ১৩২ টাকা হয়েছে। সাবানজাতীয় অর্থাৎ ডিটারজেন্ট (গুঁড়া সাবান) প্রতি ৫০০ গ্রামে চার টাকা বেড়ে ৪২ টাকা হয়েছে। আরও বেড়েছে দুধ, আটা ও ময়দার দাম। কাজীর দেউড়ি বাজারের নাসির অ্যান্ড ব্রাদার্সের বিক্রেতা মো. শামসু জানান, ‘হঠাৎ করেই তেল, সাবান, গুঁড়া দুধ, পেস্ট, আটা ও ময়দার দাম বেড়ে গেছে। সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা আমাদের আগে থেকে সে রকম কোনো আভাসও দেননি।’ গুঁড়া সাবান আধা কেজি গত বৃহস্পতিবার পর্যন্ত ৩৮ টাকা ছিল। গতকাল তা বেড়ে হয়েছে ৪২ টাকা। নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজারের মাছের বাজার ঘুরে দেখা গেছে, চার কেজি ওজনের রুই মাছ কেজিপ্রতি ২৫০ ও ছোট আকারের রুই ২০০ টাকা দর হাঁকায়। চার কেজি ওজনের কাতলা মাছ কেজিপ্রতি ২৫০, লাল কোরাল ৪০০, বড় আকারের ইলিশ এক হাজার, ছোট আকারের ৮০০, ছোট আকারের গলদা চিংড়ি ৫০০ ও বড় এক হাজার ২০০ থেকে ৩০০ টাকা হাঁকা হয়। বোয়াল ৫০০, পাঙাশ ১৪০ থেকে ১৫০, কোরাল ৫০০, চাপিলা ২২০ এবং তেলাপিয়া (নাইলোটিকা) জীবন্ত ১৮০ থেকে ২০০ ও মৃত ১২০ থেকে ১৩০ টাকা। মইল্লা মাছ ২৪০ থেকে ২৫০, টেংরা ৩৫০, পুঁটি মাছ ২৮০ থেকে ৩০০, পাবদা ৭০০ থেকে ৮০০, মাগুর মাছ ৫০০ এবং শিং মাছ ছোট ৪০০ ও বড় ৭০০ টাকা। মাংসের বাজারে দাম স্থিতিশীল আছে বলে জানিয়েছেন বিক্রেতারা। গত সপ্তাহে যা ছিল, এ সপ্তাহেও সে দামেই বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। চট্টগ্রামের বাজারে হাড় ছাড়া গরুর মাংস কেজিপ্রতি ৩২০, হাড়সহ ২৭০, ছাগলের (খাসি) মাংস ৪৫০ ও বকরি (ছাগি) ৩৮০ টাকা। তবে মুরগির বাজারে গিয়ে দেখা গেছে, আগের তুলনায় মুরগির দাম বেড়েছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০ টাকা। তবে এক মাস আগে দেশি মুরগির দাম ছিল ২৮০ টাকা। ব্রয়লার মুরগির দাম ১৬৫, যা গত সপ্তাহের তুলনায় পাঁচ টাকা বেশি। মাংসবিক্রেতা মো. মনির হোসেন প্রথম আলোকে জানান, সরবরাহ স্বাভাবিক থাকলে বাজার স্বাভাবিক থাকে। এখন সরবরাহ স্বাভাবিক আছে। এদিকে সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছেন সবজি ব্যবসায়ীরা। এর কারণ জানতে চাইলে কাজীর দেউড়ি সবজিবিক্রেতা মোহাম্মদ আজিম বলেন, কয় দিন ধরেই বাজারে সবজির জোগান স্বাভাবিক আছে বিধায় দামেও কোনো হেরফের হয়নি।