চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থীদের জামানত বাড়ছে ২৫ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থীদের জামানত পাঁচ থেকে ২৫ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে এবার প্রতি প্রার্থীর জন্য সর্বোচ্চ জামানত দাঁড়াবে ৫০ হাজার টাকা। আগে কাউন্সিলর প্রার্থীদের জামানত ছিল মাত্র দুই হাজার টাকা। অন্যদিকে মেয়র পদে প্রার্থীদের জামানত ১০ গুণ বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। আগে এর পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা। নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ নিয়মের ফলে নির্বাচনে ডামি প্রার্থী কমে যাবে। ডামি প্রার্থীদের কারণে ভোটকেন্দ্রের বুথগুলোতে তাঁদের এজেন্ট থাকে। তাঁরা ভোটকেন্দ্রে নিজেদের প্রার্থীর পক্ষে কাজ না করে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে কাজ করেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া ডামি প্রার্থীদের বেশির ভাগই অতীতে জামানত হারিয়েছেন। জামানতের টাকা কম হওয়ায় জামানত হারানো নিয়ে এসব প্রার্থীর কোনো চিন্তা ছিল না। গত ৬ এপ্রিল নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনের ১৩(১) ধারা অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনের জন্য ওয়ার্ডের ভোটার সংখ্যা অনুপাতে নতুন জামানত নির্ধারণের কথা বলা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ডে নির্বাচন করতে প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত দিতে হবে। এসব ওয়ার্ডের ভোটার ৫০ হাজারের বেশি। এছাড়া ১৬টি ওয়ার্ডের প্রার্থীদের ৩০ হাজার ও ১৪টির প্রার্থীদের ২০ হাজার টাকা করে জামানত লাগবে। শুধু ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের প্রার্থীদের জামানত বাবদ ১০ হাজার টাকা খরচ হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, নতুন নিয়ম অনুযায়ী সর্বোচ্চ জামানত ৫০ হাজার টাকা করা হয়েছে। এতে কাউন্সিলর প্রার্থী কমবে বলে মনে হচ্ছে। তবে আবেদন খরচ না থাকায় প্রথমদিকে বেশি প্রার্থী আবেদন করতে পারবেন। তিনি জানান, পুরোনো সীমানা অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি চলছে। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব ওয়ার্ডের ভোটার অনধিক ১৫ হাজার, সেগুলোতে প্রার্থীদের জামানত ১০ হাজার টাকা। ১৫ থেকে ৩০ হাজার ভোটারের এলাকার জন্য জামানত হবে ২০ হাজার টাকা। ৩০ থেকে ৫০ হাজার ভোটার আছে, এমন ওয়ার্ডের ক্ষেত্রে ৩০ হাজার এবং ৫০ হাজারের বেশি ভোটার আছে এমন ওয়ার্ডের প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।জানা গেছে, ২০০৫ সালের সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন ২১ জন। ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট প্রার্থী ছিলেন ৩০৪ জন। সর্বোচ্চ ১৬ জন প্রার্থী ছিলেন সরাইপাড়া ওয়ার্ডে। ১৪টি সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন ৮৪ জন।নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রক্ষিত বলেন, কমিশনের এটি একটি ভালো উদ্যোগ। এ নিয়মের ফলে ডামি প্রার্থীরা নিরুৎসাহিত হবে। কারণ ডামি প্রার্থীরা বড় প্রার্থীদের হয়ে কাজ করে থাকেন।