চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থীর ক্যাম্পে আগুন, প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিজয় কুমার চৌধুরীর প্রধান নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘জামালখান ওয়ার্ডের সর্বস্তরের এলাকাবাসী’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
গত বুধবার রাত ১২টার দিকে জামালখান মোড়ে আওয়ামী লীগ-সমর্থিত এই কাউন্সিলর প্রার্থীর প্রধান নির্বাচনী ক্যাম্প আগুনে পুড়ে যায়। আগুনে তাঁর নির্বাচনী ব্যানার ও পোস্টার পুড়ে যায়। ক্যাম্পটি একটি নির্মাণাধীন ভবনের প্রথম ও দ্বিতীয় তলার দুটি কক্ষে। ভবনটি চট দিয়ে ঢাকা ছিল। আগুনে চটও পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
প্রতিবাদ কর্মসূচিতে বিজয় কুমার চৌধুরী অভিযোগ করেছেন, নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে তাঁকে ভয়ভীতি দেখানো হচ্ছে। যাতে তিনি প্রচারণা চালাতে না পারেন। তিনি জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘আমি বিষয়টা শুনেছি। তাঁরা আমাদের অভিযোগ দিয়েছেন। আমরা এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেব।’