চট্টগ্রামে কাউন্সিলর ফেরদৌস বেগমের বিরুদ্ধে পরোয়ানা
মুচলেকার শর্ত ভঙ্গ করে পর পর দুই ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেত্রী ফেরদৌস বেগম এবং তাঁর স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদ গতকাল সোমবার এই আদেশ দেন।ফেরদৌস বেগমের স্বামীর নাম আবদুল কাইয়ুম। ফেরদৌস চট্টগ্রাম সিটি করপোরেশনের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। শহরতলির অক্সিজেন এলাকায় জেলা পরিষদের জমি উদ্ধারের ঘটনায় বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে গত ২৭ অক্টোবর মামলা হয়। ওই দিন পুলিশ ফেরদৌস ও তাঁর স্বামীসহ ১৯ জনকে গ্রেপ্তার করে। পরে একজন ওয়ার্ড কাউন্সিলরের মধ্যস্থতায় কাউন্সিলর ও তাঁর স্বামী মুচলেকা দিয়ে থানা থেকে মুক্ত হন। অন্য ১৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।আদালত সূত্র জানায়, ফেরদৌস ২৮ অক্টোবর ও গতকাল সোমবার—এই দুই ধার্য তারিখে আদালতে গরহাজির ছিলেন; যা আদালত অবজ্ঞার শামিল বলে অভিযোগ ওঠে। তাই মহানগর হাকিম তাঁর ও তাঁর স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।