চট্টগ্রামে কাগজ কলে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় মীর পেপার মিল নামের একটি কাগজকলের গুদামে গতকাল শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ প্রসঙ্গে চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপপরিচালক আসাদুজ্জামান শেখ প্রথম আলোকে বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ, ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ এখন জানানো সম্ভব হচ্ছে না। পরে তদন্ত সাপেক্ষে এসব বিষয় জানানো হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে আবদুস সালামের মালিকানাধীন কাগজকলের একতলা সেমি পাকা গুদামে আগুন লাগে। এতে গুদামে রাখা কাগজের কার্টন ও কাগজ আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও কালুরঘাট স্টেশনের ছয়টি অগ্নিনির্বাপণ যান ঘটনাস্থলে ছুটে যায়। বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।