চট্টগ্রামে কানুনগোর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার এক কানুনগোসহ চারজনের বিরুদ্ধে সাড়ে ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মানিক লাল দাস বাদী হয়ে মামলা করেন।

মামলার আসামিরা হচ্ছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো শামসুল হক (বর্তমানে রাঙামাটি জেলা প্রশাসনে কর্মরত), পটিয়া উপজেলার চাপড়া এলাকার বাসিন্দা আবদুল বারেক, দ্বীপকালামোড়ল এলাকার মো. কামাল আহমেদ ও লাখেরা এলাকার বাসিন্দা মো. সাইফুদ্দিন।

মামলার বাদী মানিক লাল দাস বলেন, পটিয়ায় একটি প্রকল্পের জন্য সরকারিভাবে অধিগ্রহণ করা ভূমির প্রকৃত মালিকদের গোপন করে ভুয়া তিন মালিককে দেখিয়ে ২৩ লাখ ৫৮ হাজার ৭১৩ টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রাথমিকভাবে চারজনের সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় মামলা করা হয়েছে।