চট্টগ্রামে কাভার্ডভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেললাইনে একটি কাভার্ডভ্যানের সঙ্গে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার রাতে ফৌজদারহাট স্টেশনের অদূরে এই সংঘর্ষের ঘটনায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

রেলওয়ে সূত্র জানায়, আজ বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেসের সঙ্গে ফৌজদারহাট স্টেশনের কাছে রাত ৯টা ৩৫ মিনিটে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কাভার্ড ভ্যানটি রেললাইনে উঠে গেলে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস সেটিকে ধাক্কা দেয়। ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ের পাহাড়তলী নিয়ন্ত্রণ কক্ষের ‘চিফ পাওয়ার কন্ট্রোলার’ রাজেন্দ্র প্রসাদ ভৌমিক আজ রাত ১০টায় প্রথম আলোকে বলেন, ফৌজদার স্টেশনের অদূরে রেললাইনে একটি কাভার্ডভ্যান উঠে যায়। ওই সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস আসছিল। তখনই কাভার্ডভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিন ও কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়।

রাজেন্দ্র প্রসাদ আরও জানান, যাত্রীবোঝাই সুবর্ণ এক্সপ্রেসকে চট্টগ্রাম স্টেশনে নিয়ে আসার জন্য একটি ইঞ্জিন পাঠানো হয়েছে। পুলিশ থেকে রেকার চাওয়া হয়েছে, যাতে রেললাইন থেকে কাভার্ডভ্যান সরিয়ে নেওয়া সম্ভব হয়। এক-দেড় ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান শেষ করা যাবে বলে আশা করা যাচ্ছে।