চট্টগ্রামে কারখানা ও দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচটি কারখানা এবং ছয়টি দোকানকে তিন লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল রোববার জেলা প্রশাসনের পৃথক ভ্রাম্যমাণ আদালত নগরের রাজাখালী, বাকলিয়া, ২ নম্বর গেট এলাকায় এই অভিযান চালায়। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান ও ঝোটন চন্দ।
অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন তেল মজুত করার দায়ে রাজাখালী এলাকার বেহুলা সয়াবিন অয়েল কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এস এম ট্রেডার্স নামে একটি সেমাই কারখানা এবং বার আউলিয়া মুড়ির মিলকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির জন্য এই দুই কারখানাকে জরিমানা করা হয়। পণ্যমূল্যের তালিকা না টানানোয় একই আদালত শাহ আমানত ট্রেডার্স নামে একটি চালের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
অপর একটি আদালত বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া লোগো ব্যবহার করায় লালখান বাজারের সুপার বেকারিকে ৩০ এবং কালামিয়া বাজারের অনলি ওয়ান বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া আদালত ষোলশহর কর্ণফুলী মার্কেটের চারটি সবজি দোকানকে মূল্য তালিকা না টানানোর অপরাধে আট হাজার টাকা জরিমানা করেন।