চট্টগ্রামে কারখানার ভল্ট ভেঙে ৩৬ লাখ টাকা চুরি
চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকার বেইস টেক্সটাইলের হিসাব বিভাগের ভল্ট ভেঙে ৩৬ লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে ঝাড়ুদার কক্ষটি পরিষ্কার করতে গিয়ে হিসাব বিভাগের ভল্টটি ভাঙা দেখতে পান। এরপর তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পুলিশ জানায়, ছয়তলা ভবনের তিন তলায় বেইস টেক্সটাইলের হিসাব বিভাগ। দুর্বৃত্তরা দালানে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বসানোর জন্য করা ছিদ্র দিয়ে হিসাব বিভাগে ঢোকে। এরপর আইটি কক্ষের থাই শাটার ভেঙে সরাসরি ভল্ট কক্ষে চলে যায় তারা। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দিতে মালিক সোমবার এক কোটি টাকা আনেন। ওই দিন বেতন বাবদ ৬৪ লাখ টাকা দেওয়া হয়। বাকি ৩৬ লাখ টাকা পরদিন মঙ্গলবার দেওয়ার কথা ছিল। আমেনা বেগম আরও বলেন, ‘কারখানার ভল্ট সম্পর্কে ধারণা আছে, এমন কোনো ব্যক্তির যোগসাজশে পেশাদার দুর্বৃত্তরা কাজটি করতে পারে। তাই আমরা সিআইডি পুলিশের সহায়তায় ভল্ট ও কক্ষের অন্যান্য সামগ্রীর আঙুলের ছাপ নিয়েছি। এতে দুর্বৃত্তদের ধরা সহজ হবে।’কারখানার সহকারী ব্যবস্থাপক উত্তম দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘বেতন দেওয়ার জন্য আমরা টাকা এনে ভল্টে রেখেছিলাম। দুর্বৃত্তরা ৩৮ লাখ টাকা চুরি করেছে। এ ঘটনায় আমরা মামলা করেছি।’