চট্টগ্রামে কারচাপায় পুলিশ সার্জেন্ট আহত
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় দামপাড়ায় গতকাল রোববার বিকেলে পুলিশের এক সার্জেন্টকে চাপা দিয়েছে একটি প্রাইভেট কার। এতে তায়েবুর রহমান (২৮) নামের ওই ট্রাফিক সার্জেন্ট আহত হন। এর আগে বেলা দুইটার দিকে দামপাড়া এলাকায় কর্তব্যরত অবস্থায় এক শিল্পপতির ছেলের একটি বিএমডব্লিউ প্রাইভেট কার আটক করেন তায়েবুর রহমান। ওই ঘটনার জের ধরে তাঁকে চাপা দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আহত অবস্থায় তায়েবুরকে নগরের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে দামপাড়া মোড়ে কর্তব্যরত অবস্থায় তায়েবুর একটি বিএমডব্লিউ গাড়ি সেখানে থামান। গাড়িটি চালাচ্ছিলেন হাবিব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আলীর ছেলে রাজিশ হাবিব। ঘটনার প্রত্যক্ষদর্শী অপর পুলিশ সার্জেন্ট সোহেল রানা জানান, গাড়ি কেন থামানো হলো। এ ঘটনায় ক্ষিপ্ত হন রাজিশ। গাড়িটি অনটেস্টের হলেও সেটি ঢাকা মেট্রো দিয়ে চালানো হচ্ছিল। পরে তা আটক করে সদরঘাট ট্রাফিক কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার কিছুক্ষণ পর মোটরসাইকেলযোগে কর্মস্থল থেকে ফেরার পথে কাজীর দেউড়ি শিশুপার্কের সামনে তাঁকে অপর একটি প্রাইভেট কার চাপা দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) উত্তম কুমার পাল বলেন, ‘তাঁকে একটি প্রাইভেট কার চাপা দিয়েছে। গাড়ি শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’