চট্টগ্রামে কারাফটকে দোকান, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

চট্টগ্রাম কারাগার কর্তৃপক্ষের আপত্তি উপেক্ষা করে কারাফটক লাগোয়া জমি এক আওয়ামী লীগ কর্মীর কাছে ইজারা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সেখানে রেস্তোরাঁ বানিয়ে ব্যবসা করা হচ্ছে। নানা ধরনের লোকজনের আড্ডাও বসে সেই রেস্তোরাঁয়। এ কারণে কারাগারের নিরাপত্তা নিয়ে বেশ অস্বস্তিতে আছে কর্তৃপক্ষ।
কারাফটক লাগোয়া ৮০০ বর্গফুটের প্লটটি ইজারা নিয়েছেন সাইফুদ্দীন। ২০১৩ সালের ১৩ এপ্রিল তাঁকে প্লটটি ইজারা দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তিনি নিজেকে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য বলে দাবি করেন। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, সাইফুদ্দীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে দলীয় কোনো পদে নেই।
চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগীর আহমেদ বলেন, ‘কারাফটকের পাশের জায়গাটি আমাদের জন্য স্পর্শকাতর। কারণ সেখানে খাবারের যে দোকান করা হয়েছে, তাতে অপরাধীরা অবস্থান নিতে পারে। অথচ অনেক গুরুত্বপূর্ণ আসামি আমরা আদালতে পাঠাই এবং কারাগারে ফেরত আনি। তখন কারাফটকের দিকে আমাদের নজরদারি আরও বেশি জোরদার করতে হয়।’
চট্টগ্রাম জেলা হাকিম (জেলা প্রশাসক) মেজবাহ উদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কারাফটক লাগোয়া প্লটটি ইজারা দেওয়া ঠিক হয়নি। এর সঙ্গে কারাগারের নিরাপত্তার বিষয়টি জড়িত। আমি মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলে ইজারা বাতিলের জন্য অনুরোধ করব।’
চট্টগ্রাম কারাগারসহ বিভিন্ন সূত্র জানায়, জমির ইজারা গ্রহীতা সাইফুদ্দীনের সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সুসম্পর্ক রয়েছে। এই কারণে গত বছরের নভেম্বরে তাঁকে চট্টগ্রাম কারাগারের পরিদর্শক করা হয়। এর আগে ২০১২ সালের ডিসেম্বরে তাঁকে কারাফটকের পাশের জমিটি ইজারা দিতে সুপারিশ করেন তৎকালীন মন্ত্রী আলমগীর। চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ মন্ত্রীর সুপারিশ উপেক্ষা করতে পারেনি। সিটি করপোরেশন কর্তৃপক্ষ সভা ডেকে পরের বছরের এপ্রিলে সাইফুদ্দীনের নামে প্লটটি বছরে চার হাজার টাকায় পাঁচ বছরের জন্য ইজারা দেয়। কিন্তু তখন কারা কর্তৃপক্ষ জোর আপত্তি জানিয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
চট্টগ্রাম কারাফটকের পাশে প্লট ইজারা নিয়ে সেখানে সেমিপাকা ঘর বানানো হয়েছে। সেই ঘরে একটি রেস্তোরাঁ এবং দর্শনার্থীদের মুঠোফোন জমা রাখা ও পান-সিগারেটের দোকান বসানো হয়েছে। রেস্তোরাঁ থেকে সাইফুদ্দীনকে প্রতিদিন এক হাজার টাকা করে ভাড়া দেওয়া হয় বলে জানান জনৈক নুরুল ইসলাম। তিনি রেস্তোরাঁয় নিয়মিত বসে কেনাবেচা তদারক করেন।
নুরুল ইসলাম বলেন, ‘আমরা দৈনিক হিসাবে ঘরটি ভাড়া নিয়েছি। মালিক এক হাজার টাকা ভাড়া নির্ধারণ করে দিয়েছেন।’ আর পান-সিগারেটের দোকানটি চালান জনৈক মানিক। তিনি মাসিক ভাড়া সম্পর্কে কিছু বলতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাইলে সাইফুদ্দীন প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন সব নিয়মকানুন মেনে আমাকে ইজারা দিয়েছে। কারাফটকের পাশে রেস্তোরাঁ থাকলে কারাগারের নিরাপত্তা বিঘ্নিত হবে কেন?’ সাবেক মন্ত্রীর সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীও আমার প্রতি সদয় ছিলেন।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘আসলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশে আমরা সাইফুদ্দীনকে জায়গাটি ইজারা দিয়েছিলাম। এখন জেলা প্রশাসক চাইলে জনস্বার্থে ইজারা বাতিল করতে আমাদের সমস্যা নেই।’