চট্টগ্রামে কারাবন্দী সেই বাবা-ছেলেকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কারাগারে বন্দী চাঁদপুরের সেই বাবা-ছেলেকে খুনের মামলা থেকে অব্যাহতি দিয়ে ডবলমুরিং থানা পুলিশ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। যাচাই না করে বাবা-ছেলেকে গ্রেপ্তার করার অভিযোগে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন ওরফে শামীমকে গতকাল সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডবলমুরিং থানার উলাপুকুর পাড়ে গত ২ ফেব্রুয়ারি গণপিটুনিতে সারোয়ার নামে এক চোর নিহত হয়। ওই ঘটনায় সারোয়ারের বাবা আবদুল বাতেন বাদী হয়ে মামলা করেন। এতে চাঁদপুরের তাহের ও তাঁর ছেলে আনিসুরকেও আসামি করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান কর্তব্যে অবহেলার দায়ে শামীমকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত ছাড়া নিরপরাধ বাবা-ছেলেকে গ্রেপ্তার করায় কমিশনার এসআই শামীমকে সাময়িক বরখাস্ত করেন।তানভীর আরাফাত বলেন, ‘সারোয়ার গণপিটুনিতে নিহত হয়েছেন। অথচ এ ঘটনায় চাঁদপুরের বাসিন্দা তাহের ও আনিসুরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে। আমরা তদন্ত করে বিষয়টি নিশ্চিত হয়েছি। তাই আমরা তাঁদের মামলা থেকে অব্যাহতি দিয়েছি। এ-সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন মঙ্গলবার আদালতে দাখিল করা হয়েছে।’জানা গেছে, পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পরিপ্রেক্ষিতে কাল বৃহস্পতিবার তাহের ও আনিসুরের জামিনের জন্য চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে বিশেষ নথি খোলার জন্য আবেদন জানাবেন একটি মানবাধিকার সংগঠনের কৌঁসুলিরা। দ্রুত তাঁদের কারাগার থেকে মুক্ত করতে ওই সংগঠন এ নথি খোলার উদ্যোগ নেয়।