চট্টগ্রামে কারারক্ষীকে মারধরে পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে আটকে রেখে মারধরের অভিযোগে করা মামলায় পাঁচজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম শাহজাহান কবীর এ রায় দেন।

এই পাঁচজন হলেন মো. রাজু, মো. জুয়েল, হজরত আলী, সাজ্জাদ হোসেন ও রানা চক্রবর্তী। রায় ঘোষণার সময় শুধু রানা চক্রবর্তী উপস্থিত ছিলেন। বাকিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সরকারি কৌঁসুলি প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ১৮ এপ্রিল বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পদ্মা ভবনের ১৪ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে কারারক্ষী জলিল মোল্লাকে আটকে রেখে মারধর করেন কিছু বন্দী। তাঁরা ওই কারারক্ষীকে হত্যারও হুমকি দেন। তাঁর কাছ থেকে ওয়ার্ডের চাবিও নিয়ে নেন। পরে তাঁরা মাইডিম বিন হাশিম নামে মালয়েশিয়ার এক বন্দীকে জিম্মি করেন। পরে তৎকালীন কারাধ্যক্ষ মাহাবুবুল আলম ও উপকারাধ্যক্ষ মো. মুছা গিয়ে তালা ভেঙে কারারক্ষীকে রক্ষা করেন। আহত হয়ে কারারক্ষী জলিল মোল্লা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

এই আইনজীবী আরও জানান, এ ঘটনায় কারাধ্যক্ষ মাহাবুবুল আলম বাদী হয়ে ওই দিন রাতে নগরের কোতোয়ালি থানায় ১১ বন্দীর বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ২১ আগস্ট পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত পাঁচজনকে কারাদণ্ড এবং ছয়জনকে বেকসুর খালাস দেন। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন জসীম উদ্দিন, গিয়াস উদ্দিন, জানে আলম, মিঠু হোসেন, তোফায়েল আহমেদ ও শেখ মোহাম্মদ।