চট্টগ্রামে কাল থেকে আয়কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী আয়কর মেলা। মেলা উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মেলায় করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। করদাতাদের কর তথ্য ও সব ধরনের সেবা সহজে পেতে চট্টগ্রামের প্রতিটি কর অঞ্চলের জন্য মেলায় আলাদা বুথ থাকবে। মেলায় নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা কাউন্টার থাকবে। এ ছাড়া মেলায় সোনালী ও জনতা ব্যাংকের অস্থায়ী বুথে সরাসরি বা অনলাইনেও আয়কর দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
গতকাল রোববার দুপুরে নগরের আগ্রাবাদ সরকারি কার্যভবন-১ এ আয়কর বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কমিশনার মো. নজরুল ইসলাম। এ সময় মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কর আপিল অঞ্চলের কমিশনার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নগর ছাড়াও এবার চট্টগ্রাম কর অঞ্চলগুলোর অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভ্রাম্যমাণ আয়কর মেলার আয়োজন করা হয়েছে। এর মধ্য কক্সবাজার জেলায় চার দিন, তিন পার্বত্য জেলায় এক দিন করে, সীতাকুণ্ড ও চকরিয়া উপজেলায় দুই দিনব্যাপী আয়কর মেলা হবে। এ ছাড়া আনোয়ারা, পটিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, রাউজান, হাটহাজারী, বোয়ালখালী ও সাতকানিয়া উপজেলায় এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় এক দিন করে ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার চট্টগ্রামের চার অঞ্চলে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫৫০ কোটি টাকা। গত বছর ৭ হাজার ৫২ কোটি টাকা আয়কর আদায় হয়েছিল।
চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কমিশনার নজরুল ইসলাম বলেন, ২০০৮ সাল থেকে আয়কর দিবস উদ্যাপন এবং ২০১০ সাল থেকে আয়কর মেলা আয়োজন করা হচ্ছে। এতে জাতীয় বাজেটে প্রত্যক্ষ করের অবদান বেড়ে চলেছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম কর অঞ্চল-২-এর কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, কর কমিশনার-৩ মোতাহার হোসেন, কর কমিশনার-৪ আহমদ উল্লাহ, অতিরিক্ত কর কমিশনার বজলুল কবির ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।