চট্টগ্রামে কাল থেকে তিন দিনব্যাপী পোশাক মেলা
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দশম পোশাক মেলা। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) কাফেক্সপো (চিটাগাং অ্যাপারেল, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোজিশন) নামের এ মেলার আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। ২০০৩ সাল থেকে চট্টগ্রামে নিয়মিত এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।কাফেক্সপো উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে নগরের খুলশী বিজিএমইএ ভবনের মাহাবুব আলী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় সেমিনার ও ফ্যাশন শো থাকবে। এতে অংশ নেবে ৩৫টি শিল্পপ্রতিষ্ঠান। স্টল থাকবে ৬০টি। মেলা উপলক্ষে আজ সকালে বিজিএমই ভবনের মাহাবুব আলী মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। আলোচক থাকবেন র্যাপের ম্যানেজার খাজা সাইফুল্লাহ ও নিলসন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খালেদ হাসান।