চট্টগ্রামে কাল থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু
চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র হালনাগাদ কার্যক্রম। কোনো রোহিঙ্গা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সে ব্যাপারে নির্বাচন কমিশন সতর্কতা অবলম্বন করছে। উচ্চপর্যায় থেকে এ ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইতিমধ্যে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম চট্টগ্রাম এবং কক্সবাজারে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সিরাজুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কমিশন। যদি কোনো রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কোনো জনপ্রতিনিধি সুপারিশ করেন তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের নাগরিক যাদের বয়স ১ জানুয়ারি ২০১৫ সালে ১৮ বছর পূর্ণ হবে তারা ভোটার হতে পারবে।
চট্টগ্রাম নগরের ৪১ ওয়ার্ড এবং দুই উপজেলায় ১ সেপ্টেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে। এরপর ১৮ সেপ্টেম্বর থেকে ছবি তোলার কাজ শুরু হবে। মধ্য নভেম্বরে ছবি তোলার কাজ শেষ হবে।