চট্টগ্রামে কাল থেকে শঙ্খ দেয়াং উৎসব
চট্টগ্রামের গৌরবময় অতীত ঐতিহ্য তুলে ধরতে আগামীকাল ২৪ ও পরদিন ২৫ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে ‘শঙ্খ দেয়াং’ উৎসবের। চিটাগং আর্টস ফেস্টিভ্যালের উদ্যোগে চট্টগ্রামের ডিসি হিলে উৎসব অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ফুলকি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিটাগং আর্টস ফেস্টিভ্যালের কমিটির সদস্য আবুল মোমেন, কমল সেনগুপ্ত ও জিয়াউদ্দিন খান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সদস্য কমল সেনগুপ্ত। তিনি উল্লেখ করেন, দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন শতবর্ষী বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। উৎসবে চট্টগ্রামের আঞ্চলিক গান, মাইজভান্ডারি গান ছাড়াও চাকমা, ত্রিপুরা, খামি ও ম্রো আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হবে। পরিবেশিত হবে আশুতোষ চৌধুরী সংগৃহীত সপ্তদশ শতকের পালাগান ‘নছর মালুম’ অবলম্বনে সুচরিত চৌধুরী রচিত পালা আমিনা সোন্দরী। এই পালার বন্দনাগীত পরিবেশন করবেন তপন চৌধুরী।‘... এবং কান্না’র প্রদর্শনী আজ: নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আজ থেকে শুরু হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ...এবং কান্নার প্রদর্শনী। চলবে শনিবার পর্যন্ত। কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের গল্প কান্নার অনুপ্রেরণায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মারুফ হোসেন। আজ থেকে ২৫ ফেব্রুয়ারি থিয়েটার ইনস্টিটিউটে ... এবং কান্নার প্রদর্শনী চলবে সকাল সাড়ে ১০টা, বেলা আড়াইটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।