চট্টগ্রামে কাল পূর্ণদিবস হরতাল ডেকেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল ঘোষণার পরপরই নগরের জামালখান এলাকায় মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: সৌরভ দাশ
হরতাল ঘোষণার পরপরই নগরের জামালখান এলাকায় মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম মহানগর ও জেলায় আগামীকাল মঙ্গলবার পূর্ণ দিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি। স্থানীয় আওয়ামী লীগের হামলায় ইকবাল পাশা ওরফে জাবেদ (৪০) গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। তিনি সন্দ্বীপের বিএনপি দলীয় সাংসদ মোস্তফা কামাল পাশার ছেলে।
আজ সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ যৌথ সংবাদ সম্মেলনের অয়োজন করে।
সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিতায় আওয়ামী সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শনিবার রাতে রহমতপুর এলাকায় আকবর হোসেন ফকির নামের এক যুবলীগ কর্মীকে পিটিয়ে জখম করেন বিএনপির কর্মীরা। তাঁর হাতের তিনটি আঙুলও কেটে ফেলা হয়। এ ঘটনার জের ধরে গতকাল রোববার সকাল থেকে রহমতপুর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরা সশস্ত্র মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষ অর্ধশতাধিক গুলি ছোড়ে। পুলিশ এ সময় ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের পর বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে রহমতপুর এলাকায় বিএনপির সাংসদ মোস্তফা কামাল পাশার বাড়িতে হামলা চালান আওয়ামী লীগের কর্মীরা। সাংসদের বাড়ির খড়ের গাদা ও বৈঠকখানায় আগুন ধরিয়ে দেন তাঁরা। এ সময় বাড়ির জানালা খুলে তাকানোর সময় সাংসদের ছেলে গুলিবিদ্ধ হন।
পরে তাঁকে পুলিশ পাহারায় প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাংসদের ছেলে গুলিবিদ্ধ