চট্টগ্রামে কালকের পরিবহন ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সঙ্গে ঢাকাসহ অন্তত ২০টি সড়কপথে ডাকা আগামীকাল বুধবারের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে বৃহস্পতিবারের পরিবহন ধর্মঘট বহাল থাকবে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আন্তজেলা বাস মালিক সমিতির নেতাদের বৈঠক শেষে এ কথা জানানো হয়।

আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন কালকের ধর্মঘট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন্দ্র থেকে সিদ্ধান্ত না আসায় পরশু দিনের ধর্মঘট স্থগিত করার বিষয়ে তাঁরা কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি।

সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর, আগুন ও পরিবহনশ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে আন্তজেলার বাস মালিক সমিতি গতকাল সোমবার দুই দিনের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছিল।

জামায়াতের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে গত রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় অন্তত ১২টি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়। 

গত শনিবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে র্যাব-পুলিশের সংঘর্ষের খবরে মহাসড়কের বার আউলিয়া, ছোট কুমিরা, বাড়বকুণ্ডসহ কয়েকটি স্থানে অবরোধ করে ৩০টি গাড়িতে আগুন ও শতাধিক গাড়ি ভাঙচুর করেন ১৮ দলের নেতা-কর্মীরা।