চট্টগ্রামে কাস্টমসের সাবেক কর্মকর্তার স্ত্রী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক এক কাস্টমস কর্মকর্তার স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ওই মামলা হয়। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বুধবার দুদকের মামলার আসামি আখতার জাহান লাইলী চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আখতার জাহান চট্টগ্রাম কাস্টমসের প্রিভেনটিভ শাখার সাবেক সুপারিনটেনডেন্ট মঞ্জুরুল হক চৌধুরীর স্ত্রী। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মাহমুদুল হক বলেন, ৫৪ লাখ ২৭ হাজার ১৬৮ টাকার আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও ১৪ লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগে চলতি বছরের ৩১ জানুয়ারি তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সাইফুল্লাহ মো. ইমরান নগরের ডবলমুরিং থানায় মামলাটি করেন।মাহমুদুল হক আরও জানান, উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন আখতার জাহান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, সম্পদ বিবরণী জমা দিতে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি আখতার জাহানকে নোটিশ দেয় দুদক। এরপর ওই বছরের ১৯ মার্চ সম্পদ বিবরণী জমা দেন তিনি। এরপর দুদক তদন্ত করে ২০১২ সালের ৭ জুন এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্তে ৫৪ লাখ টাকার আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও ১৪ লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া যায়।