চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. রিদুয়ান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত রিদুয়ান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

এই আদালতের সরকারি কৌঁসুলি জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ১৫ জুলাই বাঁশখালীতে ১৫ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।