চট্টগ্রামে কিশোরকে কুপিয়ে হত্যা
চট্টগ্রাম নগরের পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় গত শুক্রবার রাতে কুপিয়ে এক কিশোরকে হত্যা করা হয়েছে। ওই কিশোরের নাম সুলতানুল আলম ওরফে জাহেদ (১৬)। পুলিশ জানায়, জাহেদের হাত, বুক ও পেটে ধারালো অস্ত্রের ১০টি আঘাত রয়েছে। তাকে হত্যার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। তার সঙ্গে বন্ধু কিংবা অন্য কোনো কারও বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জাহেদের মা মাহমুদা বেগম বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা করেন।এলাকা ঘুরে জানা গেছে, জাহেদ পাহাড়তলী হাজী ক্যাম্প এলাকার মো. আবদুর রহিমের ছেলে। সে অলংকার মোড়ে একটি গ্রিলের দোকানের কর্মী ছিল। জানা গেছে, আবদুর রহিমের পাঁচ মেয়ে ও এক ছেলের মধ্যে জাহেদ পঞ্চম। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়ায়।পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, জাহেদের ডান হাতে ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার বুকের দুই পাশে ও পেটে আরও চার-পাঁচটি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় জাহেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন নৃশংসভাবে কিশোর খুনের ঘটনা ভাবিয়ে তুলছে পুলিশ প্রশাসনকে।পুলিশ সূত্র জানায়, এ হত্যাকাণ্ডের ঘটনায় জাহেদের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বন্ধু কিংবা অন্য কারও সঙ্গে জাহেদের বিরোধ ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। খুনের আগে জাহেদের সঙ্গে মুঠোফোনে কার কার সঙ্গে কথা হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে। ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘কারও সঙ্গে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। কারা তাকে খুন করেছে শিগগিরই আমরা নিশ্চিত হতে পারব। তদন্তের স্বার্থে এখন তা বলছি না। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’জাহেদের বাবা আবদুর রহিম বলেন, ‘আমার ছেলের সঙ্গে মাস দুয়েক আগে এলাকার কিছু শ্রমিকের ঝগড়া হয়। ওই সময় আরও কয়েকজনের সঙ্গে জাহেদকে পাহাড়তলী থানায় নেওয়া হয়েছিল। ওই সময় এলাকার মুরব্বিদের দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছিলাম। তবে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এখন কে এমন নৃশংসভাবে তাকে হত্যা করেছে, বুঝতে পারছি না।’