চট্টগ্রামে কিশোরী গণধর্ষণের শিকার দুজন গ্রেপ্তার
চট্টগ্রামের কোতোয়ালি থানার এনায়েতবাজার তুলাতলী বস্তি এলাকায় এক কিশোরী (১৫) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় গতকাল রোববার ভোরে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন মো. রাসেল (২৭) ও বাহার মিয়া (৪৫)। এর মধ্যে রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পলাতক আসামিরা হচ্ছেন শাহজালাল (৩০), সোহেল (১৮) ও রতন (২৬)।
পুলিশ জানিয়েছে, ঘটনার শিকার কিশোরী তার পরিবারের সঙ্গে তুলাতলী বস্তিতে থাকত। গত ১ মে রাত সাড়ে ১০টার দিকে কিশোরীর বড় ভাইয়ের বন্ধু শাহজালাল কিশোরীকে কৌশলে ডেকে নেন। এরপর বস্তিসংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে তিনিসহ পাঁচজন ওই কিশোরীকে ধর্ষণ করেন। শনিবার বেলা আড়াইটার দিকে এনায়েতবাজার এলাকায় কিশোরীকে খুঁজে পায় তার পরিবার। এরপর কিশোরী পরিবারকে ধর্ষণের ঘটনা খুলে বলে। সেদিন রাতে থানায় গিয়ে কিশোরী নিজে বাদী হয়ে মামলা করেছে।