চট্টগ্রামে কুপিয়ে যুবক হত্যা
চট্টগ্রাম শহরতলির আকবর শাহ কালিহাতি এলাকায় এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে আটটার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন (৩৫)। গতকাল রাতে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এতে তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হোসেন একই এলাকার বেলাল খুনের আসামি ছিলেন। বেলাল গত বছরের সেপ্টেম্বরে খুন হন।
আকবর শাহ থানার ওসি আবদুল মজিদ বলেন, ‘মোহাম্মদ হোসেন খুনের মামলার আসামি ছিলেন। বেলাল খুনের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাই আমরা ধারণা করছি, প্রতিপক্ষের কেউ তাঁকে হত্যা করতে পারে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’